নিজস্ব প্রতিবেদক, চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ বাজারে জেলা প্রশাসনের উদ্যোগে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল নাঈম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
অভিযান চলাকালে তিনটি প্রতিষ্ঠানে ডিলিং লাইসেন্স ও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়। এ কারণে দুইটি প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে এবং একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া সড়ক পরিবহন আইনে ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার অপরাধে বেশ কয়েকজন মোটরসাইকেল চালকের বিরুদ্ধেও জরিমানা করা হয়।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশফাকুর রহমান জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে জেলা প্রশাসকের নির্দেশনায় নিয়মিত বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। রমজানে যাতে অসাধু ব্যবসায়ীরা অযৌক্তিকভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারেন এবং সাধারণ মানুষ ন্যায্যমূল্যে পণ্য ক্রয় করতে পারেন, সে লক্ষ্যেই এ অভিযান অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।






















