মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় মেজর (অব.) মোজাফফরকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রডাকশন ওয়ারেন্ট মূলে আজ মেজর (অব.) মোজাফফরকে হাজিরের পর, চিফ প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।
সেনা হেফাজতে থাকা মেজর (অব.) মোজাফফরকে তদন্ত কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
গত ২১ জুলাই চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফেনীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের (মিস কেইস) মামলায় গ্রেফতারকৃত লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর ‘এক/এগারোর’ থেকে শুরু করে মানবতা বিরোধী বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ততা রয়েছে। আর সেই মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে কথোপকথন ও বিভিন্ন সম্পৃক্ততা পাওয়া যায় মেজর (অব.) মোজাফফরের।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৪৫ বছর ধরে পলাতক মেজর (অব.) মোজাফফরকে (৭৭) ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করার কথা জানায় ডিবি।
পরদিন তাকে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।



















