নড়াইল সদর উপজেলার শিঙ্গাশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে বাবা-ছেলেসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৬৯ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৪০-৪৫জনকে। নিহত খলিল শেখ, তার ছেলে তাহাজ্জত শেখ ও প্রতিবেশি ফেরদাউস হোসেন হত্যাকান্ডের ঘটনায় খলিল শেখের ছেলে রুবেল শেখ বাদি হয়ে মামলাটি দায়ের করেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে সদর থানায় এ মামলাটি দায়ের হয়। অপরপক্ষে ওসিকুর ফকির হত্যাকান্ডের ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
নড়াইল সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে সদর উপজেলার বড়কুলা গ্রামে গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় ধারালো অস্ত্রের কোপে বাবা-ছেলেসহ একপক্ষের ৩ জন এবং অপর পক্ষের একজন নিহত হন।
নড়াইল সদর থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, বড়কুলা গ্রামে সোমবার ভোরে চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় এই পর্যন্ত ৭জনকে আটক করেছে পুলিশ। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। তদন্তের স্বার্থে বাবা-ছেলেসহ তিন হত্যাকান্ডের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের নাম জানান নি তিনি। অপর নিহত তসিকুর ফকির হত্যাকান্ডে এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে ওসি জানান।






















