চুয়াডাঙ্গায় দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের চারটি স্বর্ণবারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃহস্পতিবার (২৭ জুলাই) বেলা ১১টায় বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর আগে সকাল ৭টায় দর্শনা থেকে স্বর্ণবারগুলো উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার কুষুম পোদ্দার (৪৭) গাজীপুরের টঙ্গী থানার টুঙ্গিভরান গ্রামের হারি সাধন পোদ্দারের ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি।
বিজিবি সূত্র জানায়, দর্শনার সুলতানপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হওয়ার গোপন খবর পেয়ে দর্শনা হঠাৎপাড়া রেলক্রসিং এলাকায় অভিযান চালায় বিজিবির বিশেষ টহল দল। সকাল ৭টার দিকে এক ব্যক্তিকে বাস থেকে নেমে রেলক্রসিং এলাকায় ঘোরাফেরা করতে দেখলে বিজিবি তাকে তল্লাশি করে। এতে তার কোমরে পেঁচানো কাপড়ের বেল্টের ভেতর থেকে দুই কেজি ৩৫০ গ্রাম ওজনের ছোট বড় চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য ধরা হয়েছে দুই কোটি দুই লাখ টাকা। এছাড়া একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। পরে নায়েক মো: রবিউল ইসলাম দর্শনা থানায় একটি মামলা করে আসামিকে থানায় হস্তান্তর করেছেন এবং উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করা হয়





















