চুয়াডাঙ্গা-জীবনগর মহাসড়কে গাছ ফেলে ব্যারিকেট দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুটি ট্রাক আটকিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন লুট করেছে ডাকাত দল। ঘটনাটি ঘটছে জেলার দামুড়হুদার উপজেলার কাঠালতলার অদূরে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জুন) রাত আড়াইটার দিকে ৫/৬ জন ডাকাত রাস্তার গাছ কেটে ও খেজুর গাছ দিয়ে ব্যারিকেট দেয়। এসময় সড়ক দিয়ে চলাচলরত দুটি ট্রাক আটকিয়ে ড্রাইভার-হেলপার ও ট্রাকে থাকা আম ব্যাবসায়ীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও মোবাইল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়।
ডাকাত দলের কবলে পড়া জীবননগরের ট্রাকের ড্রাইভার পিনু বলেন, আমি প্রথমে মনে করি ঝড়ে গাছ পড়ে গেছে, তাই বাম দিক থেকে চলে যায়। কিন্তু বাম দিকে ঢুকিয়ে দেখি খেজুর গাছের গুড়ি তারপর ট্রাকের চাকা আটকিয়ে যায়। সাথে সাথে দুজন আমার কাছে এসে একটি এনড্রোয়েড ফোন ও নগদ ১৫শ টাকা ও আমার সহকারীর কাছ থেকে নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়। আমাদের কাছ থেকে লুট করে চলে যাওয়ার সময় আরেকটি ট্রাক চলে আসে যার নং- (যশোর ট ১১-১২৯১)। তাদেরকে ব্যারিকেট দিয়ে টাংগাইল জেলার আম ব্যবসায়ী মাসুমকে বাটাম দিয়ে বাম হাতের সজোরে আঘাত করে স্কুল ব্যাগে থাকা নগদ ৩ হাজার টাকা ও একটি এনড্রোয়েড ফোনসহ তার নিকট থাকা একটি জামাকাপড়, ট্রাকের ড্রাইভার হাকিমের কাছ থেকে নগদ ২ হাজার টাকা ও একটি এনড্রোয়েড ফোন ছিনিয়ে পালিয়ে যায় ডাকাতরা।
এ ঘটনা জানার পর সাথে সাথে দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডাকাত দলকে ধাওয়া করলেও ডাকাতরা পালিয়ে যায়। পরে রাস্তার ওপর থেকে গাছ সরিয়ে দিয়ে দেয় পুলিশ।
এদিকে ডাকাতদের ছিনিয়ে নেয়া ২টি এনড্রোয়েড মোবাইল ফোন ও জামা-কাপড়সহ ফেলে যাওয়া মালামাল শুক্রবার বেলা ১১টার দিকে সড়কের পাশের একটি পাটক্ষেত থেকে উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম জানান, সড়কে গাছ ফেলে দুটি ট্রাক গতিরোধ করে কিছু টাকা-পয়সা ও মোবাইল ফোন এবং জামা-কাপড় ছিনিয়ে নিয়েছিল। তবে এ পর্যন্ত ছিনতাই ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি





















