কুমিল্লায় পথচারী এক নারীর ব্যাগ থেকে চুরি করতে গিয়ে নারী চোরচক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বুধবার (২১ জুন) দুপুরে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় জান্নাতুল ফেরদৌস নামে এক গৃহবধূকে একা পেয়ে তার সঙ্গে বিভিন্নভাবে কথা বলে সম্পর্ক তৈরির চেষ্টা করেন চোরচক্রের সদস্যরা। একপর্যায়ে ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল হাতিয়ে নেয়ার চেষ্টা করলে ভিকটিম চোর চোর বলে চিৎকার শুরু করেন। এ সময় কুমিল্লার কোতোয়ালি মডেল থানার টহল পুলিশ বোরকা পরিহিত সাত নারীকে গ্রেফতার করেন।
তারা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০), শাহানা নাইমা (২৫), দিলারা বেগম (৩০), হনুফা (৪০), পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)। এদের মধ্যে শাহানার নামে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানায় দুটি চুরির মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চুরি করতেন।
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময়সহ অন্যান্য কর্মকর্তারা





















