এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় মোবাইল ব্যবহার ও নকলের দায়ে ৪৩ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
এছাড়া ওই কেন্দ্রের দায়িত্বে অবহেলার দায়ে ১০ শিক্ষককে চলতি বছরের যেকোনো পাবলিক পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে তাদেরকে বহিষ্কার করা হয়।
শিবগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত এই বহিষ্কারাদেশ দেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি; কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাইস্কুল পরীক্ষাকেন্দ্রে নকল চলছে। এমন খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বইয়ের পাতা ও বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়া মোবাইল দেখেও নকল করছিলেন তারা।
তিনি আরও বলেন, বহিষ্কার করা মোট ৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জনের কাছে বই ও বইয়ের ছেঁড়া পাতা পাওয়া যায় এবং তিনজনের কাছে মোবাইল পাওয়া যায়। অন্যদিকে, ১০ জন শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষাকেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ইউএনও আবুল হায়াত




















