মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা: মূল বেতনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বাড়িভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির ৩ দফা যৌক্তিক দাবিতে দেশব্যাপী চলমান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের অংশ হিসেবে নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। শিক্ষক-কর্মচারীরা তাদের দাবি পূরণের প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কলেজ সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের ‘জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই আন্দোলন চলছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীরা ক্লাসরুম থেকে দূরে থেকে তাদের প্রতিবাদ জানাচ্ছেন। ফলে কলেজটিতে পাঠদান কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে।
শিক্ষক-কর্মচারীদের মূল দাবিগুলো হলো বাড়িভাড়া বৃদ্ধি: মূল বেতনের ২০% হারে বাড়িভাড়া প্রদান, চিকিৎসা ভাতা বৃদ্ধি: বর্তমান ৫০০ টাকা চিকিৎসা ভাতা থেকে বাড়িয়ে ১৫০০ টাকা করা,উৎসব ভাতা বৃদ্ধি: কর্মচারীদের জন্য উৎসব ভাতা মূল বেতনের ৫০% থেকে বাড়িয়ে ৭৫% করা।
আন্দোলনকারী শিক্ষকরা বলছেন, সরকারের পক্ষ থেকে তাদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নেওয়া উচিত। তাদের অভিযোগ, বর্তমান বেতন কাঠামোতে পাওয়া বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা বর্তমান বাজার মূল্যের তুলনায় একেবারেই অপ্রতুল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত সারাদেশে এই কর্মবিরতি ও অন্যান্য আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
মোঃ আব্দুল্লাহ হক 




















