চুয়াডাঙ্গা প্রতিনিধি: মানবিক উদ্যোগে আবারও পাশে দাঁড়াল স্থানীয় স্বেচ্ছাসেবীরা। স্বেচ্ছাসেবী মানবিক ফাউন্ডেশন ও জনপ্রিয় ফেসবুক গ্রুপ “প্রিয় শহর চুয়াডাঙ্গা”র উদ্যোগে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন এলাকায় অসহায় ও খেটে খাওয়া রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) আয়োজিত এ কর্মসূচি ছিল সংগঠনটির ধারাবাহিক চতুর্থ ইফতার বিতরণ।
ইফতার বিতরণ কার্যক্রমে সংগঠনের স্বেচ্ছাসেবক ,এডমিন, মডারেটর ও সদস্যরা সরাসরি অংশ নেন। শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে রোজাদারদের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকদের ভাষ্য, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই তাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
পবিত্র মাহে রমজানের ইফতার বিতরণের আয়োজনের আর্থিক সহযোগিতা করেন গ্রুপের প্রধান এডমিন যুবরাজ খান রিমনসহ তার -স্বজন এবং গ্রুপের অন্যান্য এডমিন, মডারেটর ও সদস্যরা।
ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন গ্রুপের সভাপতি যুবরাজ খান রিমন, সহ-সভাপতি মোহাম্মদ মামুন খান, অর্থ সম্পাদক রিঙ্কু, বোরহান, আব্দুল্লাহ, সুমন, রাসেল, মুরসালিন, ইব্রাহিম, আপিল, আশিকসহ আরও অনেকে।
উদ্যোগকারীরা বলেন, দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন মানুষের মানবিক কার্যক্রমে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। তাদের আশা, এমন ছোট ছোট উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে বিস্তৃত হবে এবং সমাজে সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করবে।





















