চুয়াডাঙ্গা পৌর এলাকায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই যুবককে গুরুতর জখম করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
আহতরা হলেন চুয়াডাঙ্গার শেখপাড়ার জয়ের ছেলে শুবল (২৪) এবং একই এলাকার বদরুজ্জামানের ছেলে রাজু (৩৫)। শুবল তেলবাহী গাড়িতে কাজ করেন।
জানা যায়, কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে অজ্ঞাতপরিচয় কয়েকজন যুবক তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্র দিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়, যার ফলে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। হামলার পর প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আরেকজন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।
শাপলা টিভি নিউজরুম 




















