বোনের বয়স মাত্র ১১ বছর। ষষ্ঠ শ্রেণির ছাত্রী। এই বয়সেই বাবা-মা তার বোনের বিয়ের কথাবার্তা ঠিক করে ফেলেছেন। বাল্যবিয়ে না দিতে কোনোভাবেই বাবা-মাকে বোঝাতে না পেরে শেষে থানায় অভিযোগ নিয়ে হাজির হন বড় ভাই জানে আলম জনি।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চৌবাড়ীয়া মাঝিপাড়া গ্রামে। আর অভিযোগ নিয়ে শুক্রবার দুপুরে দুর্গাপুর থানায় হাজির হন জানে আলম জনি নামের ঐ যুবক। পরে পুলিশ তাদের বাড়ি গিয়ে বিষয়টির সত্যতা পায়। এ সময় ভুল স্বীকার করে বাল্যবিয়ে দেবে না এই শর্তে মুচলেকা দেন বাবা-মা।
জনি জানান, তার বনের বয়স মাত্র ১১ বছর। আর বোনকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। শুক্রবার বাদ জুমার বোনের নাকফুল পরানোর কথা। তাই নিজেই বোনের বিয়ে ঠেকাতে থানায় গিয়েছিলেন।
তিনি আরো জানান, এত অল্প বয়সে বোনের বিয়ে দেওয়া যাবে না। এটা কিছুতেই বুঝতে চাচ্ছিল না পরিবার। তাই থানায় এসেছেন। তিনি চান না বাল্যবিয়ে হয়ে বোনের জীবনটা নষ্ট হোক।
এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি নাজমুল হক বলেন, বোনের বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন তার ভাই। পরে সেখানে পুলিশ পাঠানো হয়। পরিবার নিজেদের ভুল স্বীকার করে বিয়ে দেবে না বলে জানিয়েছে




















