শিমুল রেজাঃ নানা ধরনের ফুল, ফল ও সবজির গাছ রোপণ করা হয়েছে ইউনিয়ন পরিষদ চত্বরে। ভবনের দুই ছাদে টবে করে রাখা হয়েছে বিভিন্ন ফুলের গাছ। প্রথম দেখাতে মনে হতে পারে এটি একটি মিনি পার্ক। আর এমন প্রকৃতির শোভা বিচরণ করছে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদে। পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস। একজন প্রকৃতিপ্রেমী মানুষ। তিনি নিজেই এসব পরিচর্যা করেন।
চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দূরে কার্পাসডাঙ্গা বাজারে অবস্থিত ৩ নং কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ। ২০২১ সালের নির্বাচনে আব্দুল করিম বিশ্বাস ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এরপর এলাকার রাস্তা-ঘাটের উন্নয়নের পাশাপাশি তার নিজ উদ্যোগে ইউনিয়ন পরিষদের ব্যাপক পরিবর্তন করেন। পুরো ইউনিয়ন পরিষদ চত্বর এবং ছাদ দুটিতে সবুজের সমারোহ গড়ে তুলেছেন তিনি।
ইউনিয়ন পরিষদের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যক্তিগত উদ্যোগে গড়ে তুলেছেন মিনি পার্ক। প্রকৃতিপ্রেমী এই চেয়ারম্যান তার নিজ অর্থায়নে পরিষদের চারপাশে ও ছাদের চারপাশে প্রায় ১০০ রকমের বিভিন্ন ফল, ফুল ও সবজি এবং ঔষধি গাছ রোপণ করেছেন।
ফলের মধ্যে রয়েছে- সবজি মধ্যে- লাউ, কুমড়া, পেঁপে, শিমসহ মৌসুমি সবজি। ফুলের মধ্যে রয়েছে গোলাপ, পাতা বাহার, ঘাস ফুল, রজনীগন্ধা, বকুল, জবাফুলসহ ১৫ রকমের ফুল। ব্যতিক্রম ধরনের উদ্যোগ গ্রহণের ফলে জনসাধারণের মধ্যে ইতোমধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে কাজের জন্য এলে আগে চুপ করে কোথাও বসে বা দাঁড়িয়ে থাকতেন। আবার অনেক সময় চেয়ারম্যানের ব্যস্ততার কারণে বিরক্ত হয়ে চলে যেতেন। কিন্তু এখন পরিষদে এসে কাজ করতে দেরি হলেও কিছুটা সময় কাটান চত্বরের নির্মল পরিবেশে।
ইউনিয়ন পরিষদে সেবা নিতে আসা রাজা মিয়া
বলেন, এ ইউনিয়নের বাসিন্দা হলেও প্রায় নয় বছর পর পরিষদে সেবা নেওয়ার জন্য আসছি। পরিষদের ভেতরে ঢুকে অবাক হলাম। এত সুন্দর করে পুরো ইউনিয়ন পরিষদ চত্বরে ফুল, ফল ও নানা রকম ঔষধি গাছ রোপণ করা হয়েছে। মনে হলো কোনো পার্কে প্রবেশ করলাম।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা হারুন অর – রশিদ বলেন, চেয়ারম্যান পরিষদজুড়ে অনেক রকম ফল, ফুল এবং ঔষধি গাছ লাগিয়েছেন। এমনকি ছাদেও টবে নানা ফলের গাছ লাগিয়েছেন। সবমিলে একটি পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে পরিষদ চত্বরজুড়ে। এখানে আসলে আর যেতে ইচ্ছে করে না। আহ কি সুন্দর সবুজে ঘেরা একটি পরিবেশ।
ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জামাত আলী বলেন, চেয়ারম্যান সাহেব নিজে গাছগুলোর পরিচর্চা করেন। পরিষদের সেবাগ্রহীতারা বাগানে এসে সময় কাটান। রাস্তা দিয়ে যাওয়ার সময় সবুজে ঘেরা পরিবেশ দেখে অনেকে ভেতরে ঢুকে ছবি তোলেন।
কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস বলেন, আমি একজন আদর্শ কৃষক। আমি মানুষের ভালোবাসা নিতে এবং দিতে চাই। পেশাগত কাজ ও রাজনীতির পাশাপাশি গাছের প্রতি রয়েছে অন্যরকম ভালোবাসা। পরিষদের দুটি ছাদসহ পুরো চত্বরে প্রায় ১০০টিরও বেশি গাছ রয়েছে।গাছগুলোর পরিচর্যা আমি নিজেই করি। পাশাপাশি এক ইউপি সদস্য এগুলোে দেখাশোনা করেন




















