মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে দুই বিঘা জমির তুলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ করে জমির মালিক শাহাবুদ্দিন বলেন, শুক্রবার সকালে আমি মাটি বহনকারী গাড়ি যেতে বাধা দেই। পরে এদিন রাতেই গাড়ির মালিক আলাহিম, আশরাফুল মোল্লা ও আরিফ আমার তুলার গাছ কেটে দেয়। এতে আমার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
কাজীপুর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার সাইদুর রহমান জানান, একটি চক্র বেশ কিছু দিন ধরে গ্রামের বিভিন্ন মাঠে স্কেবেটর দিয়ে মাটি কেটে ইটভাটায় বিক্রয় করছে। এতে দিন দিন ফসলি জমি নষ্ট হচ্ছে। কৃষকরা তুলার জমিতে গাড়ি চলতে বাধা দেয়ায় তারা তুলা গাছ কেটে দিয়েছে। এর বিচার হওয়ার দরকার। এলাকার লোকজন প্রশাসনের কাছে অভিযোগ করেও প্রতিকার পায়নি।
তুলা উন্নয়ন বোর্ডের বেতবাড়িয়া ইউনিটের কো-অর্ডিনেটর গোলাম কাদের জানান, চাষীদের বাকিতে বীজ প্রদান ও প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করে আসছি। এমন ক্ষতি প্রায় প্রতিটি মাঠেই হচ্ছে।
অভিযুক্ত আলাইহিম বলেন, আমরা বিভিন্ন জমির মাটি ক্রয় করে বিক্রি করি। জমির মালিক গাড়ি নিতে নিষেধ করলে আমরা তার জমি মাড়াই না। রাতের আঁধারে অন্য কেউ তুলা গাছ কেটে আমাদের ওপর দোষ চাপাচ্ছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) মনোজিৎ কুমার নন্দি বলেন, খবর পেয়ে স্থানীয় ক্যাম্প থেকে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।




















