কুমিল্লায় ফেনসিডিল ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অভিযোগে স্বামী-স্ত্রীকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার দুপুরে কুমিল্লার সিনিয়র জেলা ও দায়রা জজ হেলাল উদ্দিন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কুমিল্লার কোতয়ালী মডেল থানার শুভপুরের সুমন ও তার স্ত্রী মর্জিনা বেগম। রায় ঘোষণার সময় সুমন উপস্থিত থাকলেও তার স্ত্রী মর্জিনা বেগম পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৮ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে আসামিদের বসতঘরে অভিযান চালায় পুলিশ। পরে তাদের ঘর থেকে ১১১ বোতল ফেনসিডিল এবং দেড় কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় স্ত্রী মর্জিনা বেগম পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান।
এ বিষয়ে পুলিশ পরিদর্শক নাজমুল হুদা বাদী হয়ে সুমন ও তার স্ত্রী মর্জিনা বেগমকে আসামি করে সদর দক্ষিণ থানায় মামলা করেন। পরবর্তীতে ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন




















