নোয়াখালীর কবিরহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মাতলামির দায়ে এক তরুণকে সাতদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত তরুণের নাম আবদুল কাইয়ুব ওরফে রিয়াজ। তিনি উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের উপদ্দি লামছি গ্রামের মফজলের ছেলে।
কবিরহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার চাপরাশিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে গাঁজা সেবন করে মাতলামি ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করছিলেন ঐ তরুণ। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃত দেবনাথ।
পরে অভিযুক্ত তরুণকে মাদক আইনে একটি মামলায় নগদ এক হাজার টাকা জরিমানা এবং সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এরপর তাকে থানায় হস্তান্তর করা হয়।
কবিরহাট থানার ওসি রফিকুল ইসলাম বলেন, দণ্ডপ্রাপ্ত তরুণকে নোয়াখালী জেলা কারাগারে পাঠানো হয়েছে




















