ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে ছাত্রী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী অন্তরাসহ পাঁচজনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে আজ সোমবার (২১ আগস্ট)।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
সোমবার বিকেল ৪টায় ভিসির বাসভবনে এ সভা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি বলেন, রোববার বিষয়টি নিয়ে শৃঙ্খলা কমিটির সভায় আলোচনা হয়েছে; কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। সোমবার জরুরি সিন্ডিকেট ডাকা হয়েছে, সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। যারা সরাসরি থাকতে পারবে না, তারা অনলাইনে যুক্ত হবেন।
এর আগে গত ২৬ জুলাই বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি রাজিক আল জলিলের দ্বৈত বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের দেয়া এক বছরের বহিষ্কারাদেশের বদলে পুনরায় শাস্তি নির্ধারণে বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেয়।
এরও আগে, ছাত্রী নির্যাতনের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ঘটনায় জড়িত পাঁচ ছাত্রীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়। এ দিকে গত ১৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বিধিসম্মত হয়নি বলে মন্তব্য করেন উচ্চ আদালত।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ফুলপরি খাতুনকে রাতভর নির্যাতন ও বিবস্ত্র করে ভিডিও ধারণের অভিযোগ উঠে অন্তরা, তাবাসসুম, মোয়াবিয়া, মীম ও উর্মিসহ ৭-৮ জনের বিরুদ্ধে। এ ঘটনা তদন্তে পৃথক চারটি কমিটি গঠন করে কুষ্টিয়া জেলা প্রশাসন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও শাখা ছাত্রলীগ। তদন্তে সেই রাতে নির্যাতনের প্রমাণ পেয়েছে চার তদন্ত কমিটিই




















