চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ আইন সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একই সঙ্গে মাদক ও জুয়ার আসক্তদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন তিনি। অ্যাড. হাবিবুর রহমান জানান, আগামী ১ সেপ্টেম্বর ২০২৫ থেকে যারা তওবা পড়ে মাদক ও জুয়া থেকে ফিরে আসবেন এবং নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ (অন্য ধর্মাবলম্বীদের জন্য নিজ নিজ উপাসনালয়ে প্রার্থনা) তিন মাস ধরে আদায় করবেন, তাদেরকে ডিসেম্বর মাসে আলমডাঙ্গার পারকুলা আনন্দবাজারে তার অফিসের সামনে সংবর্ধনা প্রদান করা হবে। এ সময় প্রত্যেককে ১ হাজার টাকা পুরস্কার এবং একটি মেডেল দেওয়া হবে। তিনি বলেন, “ভাইরা আমার, ফিরে আসো স্বাভাবিক জীবনে! সব ধরনের সহযোগিতা আমি করব। তোমাদের একটি সুন্দর ও স্বাভাবিক জীবন উপহার দিতে চাই। যারা এ সুযোগ নেবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” অ্যাড. হাবিবুর রহমান আরও জানান, ইতোমধ্যেই প্রশাসনের সঙ্গে কথা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে যারা স্বাভাবিক জীবনে ফিরবেন না, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি সতর্ক করে দিয়ে বলেন, মাদক ও জুয়া ব্যবসার কমিশনভোগী বা সাফাইগিরিদেরও জনসম্মুখে উন্মোচন করা হবে। তিনি বলেন, “গতকাল জুয়ার বিরুদ্ধে দেওয়া আমার পোস্টে মানুষের ব্যাপক আগ্রহ দেখেছি। সেই আগ্রহই আমাকে শপথ নিতে অনুপ্রাণিত করেছে। আলমডাঙ্গা থেকে এ উদ্যোগ সফল হলে, সারাদেশব্যাপী মাদক ও জুয়ামুক্ত সমাজ গঠনের ক্যাম্পেইন চালু করা হবে।
০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম : :
আলমডাঙ্গায় মাদক ও জুয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন অ্যাডভোকেট হাবিবুর রহমান
-
মোঃ আব্দুল্লাহ হক - Update Time : ০৪:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
- 170
জনপ্রিয়





















