অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পরিপ্রেক্ষিতে দল থেকে বহিষ্কার হতে পারেন সাতক্ষীরা-৪ আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। দলের তদন্ত কমিটির প্রতিবেদনে অভিযোগের সত্যতা মিলেছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে জামায়াত। সেই বৈঠক থেকে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত।
জামায়াত সূত্রে জানা গেছে, গাজী নজরুলের ব্যক্তিগত অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর প্রকৃত ঘটনা তদন্তে জামায়াত একটি কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি আজ বুধবার প্রতিবেদন জমা দিয়েছে। ওই প্রতিবেদনে গাজী নজরুলের নৈতিক স্খলনের প্রমাণ মিলেছে বলেও দাবি করছে সূত্রটি।
সূত্র আরও জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর দলের নির্বাহী কমিটির বৈঠক ডাকা হয়েছে। প্রতিবেদন পর্যালোচনা করে বৈঠক থেকে কঠোর সিদ্ধান্ত আসতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে জামায়াতের সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আযাদ আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনা তদন্তে যে কমিটি করা হয়েছে, সে কমিটির প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। প্রতিবেদন পর্যালোচনা করে দলের গঠনতন্ত্র অনুযায়ী সঠিক ব্যবস্থা নেওয়া হবে। যদি তিনি দোষী সাব্যস্ত হন, এ ক্ষেত্রে গঠনতন্ত্র অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দল থেকে বহিষ্কার।’
এর আগে গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলাম ও এক অল্প বয়সী নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়। এরপর নানা আলোচনা-সমালোচনা শুরু হলে জামায়াতের পক্ষ থেকে বিষয়টিকে পর্যবেক্ষণের কথা জানানো হয়। এ ছাড়া খোঁজখবর নিয়ে নজরুলের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানায় দলটি।



















