তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের এনায়েতপুরে কৃষক বাবা আশরাফ আলী শেখকে (৬২) হত্যা করেছেন মুছা শেখ (৩৪)। এ ঘটনায় ছেলে মুছা শেখ ও ছেলের বউ বিলকিছ খাতুনকে (২৮) আসামি করে মামলা করা হয়েছে।
সোমবার সকালে নিহত আশরাফ আলীর স্ত্রী শাহিদা খাতুন (৬১) বাদী হয়ে এনায়েতপুর থানায় হত্যা মামলা করেন।
এদিকে রোববার রাতেই ঘটনাস্থল থেকে পাষণ্ড ছেলে মুছা শেখকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে কোর্টের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
এ ঘটনায় অপর আসামি বিলকিছ খাতুনকে খুঁজছে পুলিশ। এদিকে ছেলে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত নানা বিষয় নিয়ে মাঝে মধ্যেই ঝগড়া লেগে থাকতো এ পরিবারে। এরই ধারাবাহিকতায় রোববার রাত সোয়া ৭টার দিকে মুছা ও তার ছোট ভাই কলেজপড়ুয়া হারুনের সঙ্গে ঝগড়া বাধে। এ সময় তাদের বাবা-মা এগিয়ে এলে মুছা ও তার স্ত্রী মিলে তাদের মারধর করে। একপর্যায়ে কোদালের গোড়ালি দিয়ে মুছা তার বাবা আশরাফ আলীকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তবে মুছার মা শাহিদা খাতুন চিকিৎসা শেষে এখন মোটামুটি ভালো আছেন।
এনায়েতপুর থানার ওসি আনিছুর রহমান যুগান্তরকে জানান, কৃষক আশরাফ আলী হত্যার ঘটনায় স্ত্রী শাহিদা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আসামি মুছাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। আরেক আসামি মুছার বউ বিলকিছকে আইনের আওতায় নিয়ে আসতে অভিযান অব্যাহত আছে। এছাড়া লাশ ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে




















