ভোলার লালমোহনে সাপের ছোবলে পারুল বেগম নামে ৪৫ বছর বয়সী এক বিধবা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তিনি মারা যান। এর আগে বুধবার রাতে উপজেলার চরভূতা ইউনিয়নের তারাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মৃত অদুদ সিকদারের স্ত্রী।
মৃত পারুলের মা ফিরোজা বেগম জানান, গত দুইদিন ধরে মুরগির বাচ্চা খেয়ে ফেলছিল অজ্ঞাত কোনো প্রাণী। বুধবার রাতে মুরগির বাচ্চা ডাক দিলে পারুল বেগম ঘুম থেকে জেগে অন্ধকারের মধ্যে ইঁদুর ভেবে মুরগির খোপে হাত দিয়ে সাপকে চেপে ধরেন। তখন ঐ সাপ তার ডান হাতের তালুতে কামড় দেয়। এরপর পারুল চিৎকার দিলে তাকে দ্রুত লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসক তাকে বিষধর সাপে ছোবল মেরেছে বলে জানান।
এরপর ঐ ডাক্তার উন্নত চিকিৎসার জন্য পারুল বেগমকে ভোলা সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে তারা পথি মধ্যে অ্যাম্বুলেন্স থেকে নেমে স্থানীয় ওঝার কাছে যান। সেখান থেকে কথিত চিকিৎসা শেষে বাড়ি চলে যান।
তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে পারুল হঠাৎ বমি করে জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর আবার তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পারুলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ। কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে




















