চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তের মধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে এক কৃষকের দীর্ঘদিনের স্বপ্ন ও একমাত্র জীবিকার অবলম্বন। এতে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক ফজলু।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে চুয়াডাঙ্গা পৌরসভার বুজরুকগড়গড়ী পুরাতন পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ফজলু ওই এলাকার বনানী পাড়ার বাসিন্দা ও মৃত আলাউদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করেই পানের বরজে আগুনের সূত্রপাত হলে তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই পুরো বরজ আগুনে পুড়ে যায়। খবর পেয়ে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ মোহাম্মদ অহিদুল ইসলাম বলেন, “মোবাইল ফোনে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাঠে কাজ করা শ্রমিকদের সিগারেটের আগুন থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। এতে বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
অগ্নিকাণ্ডে সব হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন কৃষক ফজলু। চোখের সামনে জীবনের একমাত্র সম্বল পুড়ে যেতে দেখে বরজের মাঝেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
স্থানীয়রা জানান, বৃদ্ধ কৃষক ফজলুর কোনো পুত্রসন্তান নেই। পানের বরজই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। সেই বরজ পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। ক্ষতিগ্রস্ত এই কৃষকের পাশে দাঁড়াতে স্থানীয়রা প্রশাসনসহ বিত্তবানদের সহায়তার আহ্বান জানিয়েছেন।



















