চুয়াডাঙ্গায় দেখা নেই সূর্যের, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা এখনও কমছে না। কুয়াশার চাদরে ঢাকা থাকা চারপাশে দিনের আলোও সরাসরি পৌঁছাচ্ছে না। তাপমাত্রা নেমেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা এই জেলায় রেকর্ড করা হয়েছে ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে।
সকাল থেকেই সূর্য দেখা যাচ্ছে না। যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। উত্তরের শীতল বাতাসে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হচ্ছেন না।
খেটে-খাওয়া অসহায় মানুষ শীতে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগীও বেড়েছে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।
এ মৌসুমে এটি এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা আরো কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
NEWS ROOM 
























