কুড়ুলগাছি প্রতিনিধি: সরকারী রাস্তা দখল করে রাস্তার উপর রান্নাঘর নির্মাণ ও জ্বালানী খড় রেখে রাস্তা অবরুদ্ধ করে ৭টি পরিবারের চলাচলের বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ উঠেছে দামুড়ুহুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি ফিল্ড পাড়ার মৃত নঈম উদ্দীনের ছেলে রফিকের বিরুদ্ধে।
জানা যায়, কুড়ুলগাছি ফিল্ড পাড়ায় বসবাস করা মানুষের যাতায়াতের জন্য সরকারী রাস্তাটির উপর নিয়ম বহি:ভূত ভাবে ক্ষমতার প্রভাব দেখিয়ে বেশ কয়েকদিন আগে একটি রান্নাঘর নির্মাণ করে মৃত নঈম উদ্দীনের ছেলে রফিক। মহল্লার লোকজন এত বাধা দিলে রফিক তাতে কর্নপাত না করে নিজের ইচ্ছেমত রাস্তাটি দখল করতে থাকে। গতকাল সরজমিনে রাস্তাটি দেখতে গেলে দেখা যায় রাস্তাটির উপর জ্বালানী খড় রেখে রাস্তাটি সম্পূন্নভাবে চলাচলের অযোগ্য করে রেখেছেন। এতে ওই রাস্তা দিয়ে চলাচল করী ৭টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছেন। তাদের চলাচলে নানান ধরনের বিঘ্ন ঘটছে।
এমতাবস্থায় সরকারী রাস্তা দখলমুক্ত করতে ও ৭ পরিবারের চলাচলের রাস্তার অবরোধ খুলে দিতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ দামুড়ুহুদা উপজেলা নির্বাহী অফিসারে আশু হস্তক্ষেপ কামনা করেছে অবরুদ্ধ ৭ পরিবারসহ ওই এলাকার সচেতন মহল।
























