নতুন সরকার গঠনের এক দিনের মাথায় গণমাধ্যম সংশ্লিষ্ট কয়েকটি ঘটনায় মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেছে বিভিন্ন সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনকে। গণভোট ও সংস্কারের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে মত প্রকাশের অভিযোগে বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভি–এর চার সাংবাদিককে শোকজ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। একই সময়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে অপসারণের দাবিতে একদল বিএনপিপন্থী ব্যক্তি মব সৃষ্টি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিশ্বস্ত একটি সূত্র জানায়, এখন টিভির চার সাংবাদিককে সাত দিনের জন্য শোকজ করা হয়েছে। এই সময়ের মধ্যে তাঁদের অফিসে না আসতে বলা হয়েছে। মানবসম্পদ (এইচআর) বিভাগ থেকে দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে জুলাই আন্দোলনের পক্ষে দেওয়া স্ট্যাটাসের বিষয়ে কারণ দর্শাতে হবে।
তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, অনানুষ্ঠানিকভাবে তাঁদের চাকরি আর বহাল রাখা হবে না—এমন বার্তাও দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে এখন টিভি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জুলাই আন্দোলনে আহত-নিহত সাংবাদিকদের নিয়ে কাজ করা সংগঠন ‘মুক্ত গণমাধ্যম মঞ্চ’-এর সভাপতি আব্দুল্লাহ মজুমদার বলেন, গণভোট ও সংস্কারের পক্ষে নিজের মতামত প্রকাশ করার কারণে কোনো সাংবাদিককে শোকজ বা চাকরিচ্যুত করা গ্রহণযোগ্য নয়। দ্রুত এ ঘটনার সুরাহার দাবি জানান তিনি।
বাসসে অনাস্থা, এমডির কার্যালয় ত্যাগ
এদিকে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদের বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন সংস্থাটির ৯১ জন সাংবাদিক ও কর্মকর্তা-কর্মচারী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) তাঁরা বৈঠক করে তাঁর অধীনে কাজ না করার সিদ্ধান্ত নেন বলে ‘বাসস সাংবাদিক, কর্মচারী ঐক্য পরিষদ’ জানিয়েছে।
পরিষদের পক্ষ থেকে বলা হয়, নির্বাচনের কভারেজ ক্ষতিগ্রস্ত হতে পারে—এ বিবেচনায় আগে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। নির্বাচন শেষে বৈঠকে অনাস্থা জানানোর সিদ্ধান্ত হয় এবং তা মাহবুব মোর্শেদকে জানানো হয়। পরে তিনি কার্যালয় ত্যাগ করেন।
তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহবুব মোর্শেদ লেখেন, তাঁকে অপসারণের স্বীকৃত পদ্ধতি থাকা সত্ত্বেও অফিসে মব সৃষ্টি ও তালা দেওয়ার মাধ্যমে সরানোর চেষ্টা করা হচ্ছে।
























