চুয়াডাঙ্গায় টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার (১২ অক্টোবর, ২০২৫) সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয় চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (ডিডিএলজি) শারমিন আক্তার প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দীপক কুমার সাহা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আওলিয়ার রহমানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।
এই ক্যাম্পেইনে চুয়াডাঙ্গা জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ২ লক্ষ ৭৭ হাজার ২৪৭ জন শিশুকে ১ ডোজ করে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শিশুদের টিকা প্রদান করা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার যেসকল শিক্ষার্থী এখনও অনলাইন রেজিস্ট্রেশন করেনি, তাদের দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা গ্রহণ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন যে, এই টিকায় কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
এদিকে, বেলা ১১ টায় পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার চুয়াডাঙ্গা রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়েও টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন এবং শিশুদের এই গুরুত্বপূর্ণ টিকা গ্রহণে উৎসাহিত করেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ