মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা মাসুদ অরুন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপির নাম ভাঙিয়ে যারা জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দিয়েছেন, তাদের বিরুদ্ধে অচিরেই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, ‘জেলায় দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কেউ যদি বিএনপির কমিটির নেতা বনে গিয়ে ব্যবসা শুরু করে থাকেন, তবে তা অবিলম্বে বন্ধ করে দেয়া হবে। তারা নিজেরা সংশোধন না হলে তাদের রাজনৈতিক সাইনবোর্ডও খুলে নেয়া হবে। গতকাল বৃহস্পতিবার মেহেরপুরে আয়োজিত এক রাজনৈতিক কর্মী সভায় তিনি এসব কথা বলেন। সাবেক এই সংসদ সদস্য তার বক্তব্যে নতুন কর্মসূচির ঘোষণা দিয়ে বলেন, আগামী ৩ ও ৪ জুন মেহেরপুরের ইতিহাসে সবচেয়ে বড় গণমিছিল অনুষ্ঠিত হবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আদর্শকে সামনে রেখে একটি নতুন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে হুঁশিয়ারি উচ্চারণ করে মাসুদ অরুন বলেন, ‘প্রশাসনকে জনগণের প্রত্যাশার ভিত্তিতে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হলে স্বেচ্ছায় বিদায় নেয়াই তাদের জন্য উত্তম হবে।’ সভায় মেহেরপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ জেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ