আজ ৪ ডিসেম্বর, কিংবদন্তি ছড়াকার ছড়াসম্রাট আহাদ আলী মোল্লার শুভ জন্মদিন। সমকালীন বাংলা ছড়াসাহিত্যের অন্যতম উজ্জ্বল ও প্রতিভাবান এই ব্যক্তিত্ব তুখোড় ছন্দশিল্পী হিসেবে সুপরিচিত। ছড়ায় তার স্বতঃস্ফূর্ত প্রকাশভঙ্গি, নিপুণ শব্দবিন্যাস ও গতিময় ছন্দের গাঁথুনি তাকে আলাদা করে তুলে ধরেছে। তিনি ইতোমধ্যে ১৫ সহস্রাধিক ছড়া রচনা করে বিস্ময় সৃষ্টি করেছেন এবং এখনও নিরন্তর লিখে চলেছেন।
১৯৭৩ খ্রিস্টাব্দের ৫ ডিসেম্বর জন্ম নেওয়া এই মেধাবী সাহিত্যস্রষ্টা কর্মজীবনে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক মাথাভাঙ্গা পত্রিকার বার্তা সম্পাদক, দৈনিক যুগান্তর-এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি এবং সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
আহাদ আলী মোল্লা ১৯৮৭ সাল থেকে জাতীয় ও আন্তর্জাতিক পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করে আসছেন। ১৯৯১ সাল থেকে দৈনিক মাথাভাঙ্গার প্রথম পাতায় ‘টিপ্পনী’ শিরোনামে তার সমাজসচেতনমূলক ছড়া বিশেষ খ্যাতি ও জনপ্রিয়তা অর্জন করে। উপন্যাস, ছোটগল্প, কবিতা, রম্যরচনা, নাটকসহ সাহিত্যের নানা শাখায় তার বিচরণ থাকলেও ছড়াসাহিত্যে তার অবদানই সর্বাধিক উজ্জ্বল।
ছড়াসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি ২০১৬ সালে কাজী হায়দার স্বর্ণপদক অর্জন করেন। একই বছর চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘ তাকে সম্মাননা হিসেবে ‘ছড়াসম্রাট’ উপাধিতে ভূষিত করে।
বাংলা ছড়াসাহিত্যের এই কীর্তিমান স্রষ্টার জন্মদিনে রইল শুভেচ্ছা ও শুভকামনা।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ