বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের জন্য একদফা দাবিতে কেন্দ্র ঘোষিত পদযাত্রার অংশ হিসেবে চুয়াডাঙ্গায় জেলা বিএনপির আয়োজনে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয় পদযাত্রা।
পদযাত্রাটি কোর্ট মোড় থেকে ঘুরে সেখান থেকে পদযাত্রাটি আবার ফিরে আসে চুয়াডাঙ্গা পুরাতন সাহিত্য পরিষদ চত্বরে। পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবু, সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
এই পদযাত্রায় জেলার বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক যোগ দেন। পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ।
তিনি বলেন, আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। শেখ হাসিনার পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তা না হলে পদত্যাগে বাধ্য করা হবে। ঐক্যবদ্ধ থেকে আমাদের দাবি আদায় করে নিতে হবে।
জেলা বিএনপির আহ্বায়ক বাবু খান বলেন, বর্তমান সরকারের অধীনে এদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে হলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়া দরকার। আর এজন্য বিএনপি সবসময় রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে।
এই পদযাত্রা ও সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপি নেতা খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব, জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমানসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ