ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২৬, উপলক্ষে চুয়াডাঙ্গার দুইটি সংসদীয় আসনে দাখিল করা সকল প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। সকাল সাড়ে ১০টায় ৭৯ চুয়াডাঙ্গা-১ এবং সকাল সাড়ে ১১টায় ৮০ চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে দেখা যায়, দুই আসনে জমা পড়া মোট ১১টি মনোনয়নপত্রই বিধি অনুযায়ী বৈধ।
চুয়াডাঙ্গা-১ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, একই দলের জেলা সহ-সভাপতি জহুরুল ইসলাম, এবি পার্টির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রানা এবং এনসিপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান। অন্যদিকে ৮০ চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, বাংলাদেশ কংগ্রেসের মনোনীত প্রার্থী নুর হাকিম এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি আলমগীর হোসেন।
মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম তারিক উজ জামান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, জেলার চার উপজেলার নির্বাহী অফিসারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রার্থীদের পাশাপাশি তাদের প্রস্তাবক ও সমর্থকরাও এ সময় উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আজকের যাচাই-বাছাই পর্বে মোট ১১টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি আসনে দুইজন প্রার্থী মনোনয়ন দেওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে তাদের মধ্য থেকে একজনকে অবশ্যই মনোনয়ন প্রত্যাহার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে নির্বাচন বিধি অনুযায়ী উভয় মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হবে। তবে বিধি মেনে একজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলে অপর প্রার্থীর মনোনয়ন বহাল থাকবে।
এদিকে মনোনয়ন বৈধ ঘোষণার পর প্রার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, তারা শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই আসনের বিএনপি প্রার্থী মাহমুদ হাসান খান বাবু বলেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ ও অনুকূল রয়েছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তারা আশাবাদী। চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরীফুজ্জামান শরীফ বলেন, যাচাই-বাছাই শেষে সকল মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনকে ঘিরে কোনো বিভ্রান্তি বা অস্থিরতা সৃষ্টি হবে না বলেই তিনি মনে করেন। অপরদিকে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, সামনে একটি উৎসবমুখর ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা প্রত্যাশা করছেন এবং জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে বলেই তাদের বিশ্বাস।
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষই শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ