১০ কেন্দ্রে ৮ হাজার ৫৪৯ পরীক্ষার্থী, প্রতি পদের বিপরীতে লড়াই ৮০ জনের।
মোঃ আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ–২০২৫-এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলার ১০টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মোট ৮ হাজার ৫৪৯ জন চাকরিপ্রার্থী। জেলার চার উপজেলায় শূন্য পদের সংখ্যা ১০৭টি হওয়ায় গড়ে প্রতি পদের বিপরীতে প্রতিযোগিতা করছেন প্রায় ৮০ জন প্রার্থী।
পরীক্ষা চলাকালীন সময়ে নকল ও অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই পরীক্ষার্থীকে আটক করেছে কর্তৃপক্ষ। চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে মোছাঃ উম্মে রুমানা খানম অনিমা (রোল নং–৬৬১১৯৬৪) নামের এক পরীক্ষার্থীকে স্মার্টওয়াচসহ আটক করা হয়। তিনি খেজুরা গ্রামের বাসিন্দা। অপরদিকে চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজ কেন্দ্র থেকে মোহাম্মদ আশিকুর রহমান (রোল নং–৬৬১৪১৪৮) নামের এক পরীক্ষার্থীকে নকল এমসিকিউ শিট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় আটক করা হয়। তিনি সদাবরী গ্রামের বাসিন্দা। আটক দুজনই বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আটক পরীক্ষার্থীরা থানায় হেফাজতে রয়েছেন এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চার উপজেলার শূন্য পদের মধ্যে আলমডাঙ্গায় ৩০টি, জীবননগরে ২৫টি, দামুড়হুদায় ৩৩টি এবং চুয়াডাঙ্গা সদরে ১৯টি পদ রয়েছে। লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্ত নিয়োগ সম্পন্ন হওয়া পর্যন্ত শূন্য পদের সংখ্যা আরও বাড়তে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানায়, পরীক্ষায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে ১৪৪ ধারা জারি ছিল। পরীক্ষার্থীদের মোবাইল ফোন, স্মার্টওয়াচসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন নিষিদ্ধ করা হয়। ইলেকট্রনিক ডিভাইস শনাক্তে পরীক্ষার্থীদের কান উন্মুক্ত রাখা এবং প্রয়োজনে তল্লাশি জোরদার করা হয়।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ