আব্দুল্লাহ হক,
চুয়াডাঙ্গা প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস-২৬ উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ছিল— “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার: সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন
এসময় তিনি নারী অধিকার, নিরাপত্তা, সমতা এবং সমাজের সর্বস্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধি নিয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি নারী ও কন্যা শিশুদের জন্য একটি নিরাপদ, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন
নারী ও কন্যা শিশুদের অধিকার সুরক্ষা, সহিংসতা প্রতিরোধ এবং একটি নিরাপদ সমাজ গঠনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিতভাবে কাজ করা জরুরি। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও মর্যাদা নিশ্চিত করা গেলে একটি সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।
এ সময় তিনি নারী ও কন্যা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং যেকোনো ধরনের অন্যায় ও সহিংসতার বিরুদ্ধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশীসহ জেলা প্রশাসন, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ