ভারতের রাজধানী দিল্লির মাদনগিরি এলাকায় ঘটেছে এক লোমহর্ষক ঘটনা, যা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। গত ৩ অক্টোবর গভীর রাতে এক নারী তাঁর ঘুমন্ত স্বামীর গায়ে ফুটন্ত তেল ঢেলে দেন এবং তার উপর মরিচ গুঁড়া ছিটিয়ে হত্যার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
হামলায় গুরুতর দগ্ধ ওই স্বামী দিনেশ (২৮), পেশায় একজন ফার্মাসিউটিক্যাল কোম্পানির কর্মচারী। বর্তমানে তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সঙ্গে লড়ছেন।
ঘটনার সময় দিনেশ ও তার স্ত্রী ঘরে ছিলেন, সঙ্গে ছিল তাদের আট বছর বয়সী কন্যা সন্তানও। মেয়েটির সামনেই এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
পুলিশ জানায়, দিনেশের স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১১৮, ১২৪ ও ৩২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, পরিবারটিতে কিছু পারিবারিক কলহ চলছিল বলে তারা জানতেন। তবে এ ধরনের ভয়ংকর পরিণতির কথা কেউ ভাবেননি।
এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও আলোড়ন সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দাবি করছেন, অভিযুক্ত নারীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ