বৃহস্পতিবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রংপুর-দিনাজপুর মহাসড়কের যমুনেশ্বরী নদীর ওপর নির্মিত পরিত্যক্ত বরাতি সেতুতে মানুষের ভিড়। ভিড় ঠেলে নদীতে তাকাতেই দেখা যায় লোকজন কচুরিপানার ওপর দিয়ে হেটে নদী পার হচ্ছে। শিশু-কিশোররা খেলছে ফুটবল। অনেকে মাঝ নদীতে কচুরিপানার ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন, ভিডিও করেছেন, কেউ কেউ আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ করছেন।
জানা যায়, তিন দিন আগে উজানের ঢলে ভেসে আসা কচুরিপানা বরাতি সেতুর উত্তর পাশের ২০০ মিটার অংশে নদীর দুই তীরে জমাট বাঁধে। পানির স্রোত নিচ দিয়ে বহমান থাকলেও কচুরিপানাগুলো আর নদীর ঐ অংশ থেকে না সরায় বুধবার স্থানীয় কিছু শিশু-কিশোর সেখানে ফুটবল খেলে এবং কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হয়।
এ ঘটনা সামাজিক যোগযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন তা দেখতে ছুটে আসে। হাজারো মানুষের ভিড় দেখে অনেক পথচারীও সেখানে দাঁড়িয়ে জমাট বাঁধা কচুরিপানার ছবি তুলছেন, ভিডিও করছেন।
স্থানীয় ইউপি সদস্য তাজউদ্দিন বলেন, কচুরিপানার ওপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে এমন ঘটনা শুনে আমি নিজেও এখানে এসেছি। নদীর প্রায় ২০০ মিটার এলাকায় কচুরিপানা জমাট বাঁধায় লোকজন তার ওপর দিয়ে হেঁটে নদী পারাপার হচ্ছে, ছেলেরা ফুটবল খেলছে। তা দেখতে শত শত মানুষ নদীর তীরে ও সেতুর ওপরে ভিড় করছে। কিছু লোককে কচুরিপানার বাঁধা জমাট ভেঙে দেওয়ার জন্য লাগিয়ে দেওয়া হয়েছে, তারা কাজ করছেন।
তারাগঞ্জের ইউএনও রাসেল মিয়া বলেন, বিষয়টি জানার পর সরেজমিনে গিয়ে দেখেছি। জনপ্রতিনিধিদের মাধ্যমে লোকজন লাগিয়ে দেওয়া হয়েছে। নদীর ঐ এলাকায় কচুরিপানা অপসারণের কাজ চলছে। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশ পাহারা দিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: ডঃ মুফতি বনি ইয়ামিন
অক্সফোর্ড সোলার টেকনোলজি গ্রুপ